দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাওয়ার পথে সাগরে পড়ে মোহাম্মদ শামীম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় ১৭ ঘণ্টা পর রোববার (৬ সেপ্টেম্বর) সকালে পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটসংলগ্ন সাগর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শামীম ভোলা জেলার বাসিন্দা মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন। প্রায় এক বছর আগে কক্সবাজারের কুতুবদিয়ার করিনা বেগমের সঙ্গে তার বিয়ে হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় কুতুবদিয়াগামী একটি ডেনিস বোটে ওঠার সময় অসাবধানতাবশত সাগরের পানিতে পড়ে নিখোঁজ হন শামীম। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লঞ্চঘাটসংলগ্ন সাগরের একই স্থান থেকে শামীমের মরদেহ উদ্ধার করে।
শামীমের স্ত্রী করিনা বেগম জানান, তিনি চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করেন। অসুস্থতার কারণে স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি কুতুবদিয়ায় যাচ্ছিলেন। মগনামা লঞ্চঘাটে পৌঁছে বোটে ওঠার সময় তার চোখের সামনেই পানিতে পড়ে যান শামীম।
কান্নাজড়িত কণ্ঠে করিনা বলেন, তার স্বামী সাঁতার জানতেন। কিন্তু পানিতে পড়ার পর খুব দ্রুত ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
মগনামা লঞ্চঘাটের ইজারাদার নুরুল ইসলাম জানান, বোটে ওঠার সময় অসাবধানতাবশত ওই যুবক পানিতে পড়ে যান। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
পেকুয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ শফিউল আলম জানান, উপজেলা প্রশাসনের কাছ থেকে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের সমন্বয়ে অভিযান চালানো হয়। শনিবার সন্ধ্যার পর অন্ধকার হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়। পরে রোববার সকালে পুনরায় অভিযান শুরু করে সকাল সাড়ে ৮টার দিকে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্ত্রীকে নিয়ে প্রথমবার শ্বশুরবাড়ি যাওয়ার যে যাত্রা শুরু হয়েছিল, মগনামা লঞ্চঘাটে সাগরে পড়ে সেটিই শেষ হলো। শামীমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এমএস/